২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবা ব্যবসায় ৩৪ জন

বন্দরনগরী চট্টগ্রামে মাদক সরবরাহ ব্যবস্থা ভেঙে দেয়ার লক্ষ্যে খুচরা মাদক ব্যবসায়ীদের তালিকা করে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:25 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

নগর পুলিশের তৈরি করা ১২০ জন খুচরা মাদক ব্যবসায়ীর এই তালিকায় ইয়াবা ব্যবসায়ী রয়েছেন ৩৪ জন।

মাদক ব্যবসায়ীদের এই তালিকার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এসেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বলেন, “যাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে এবং সরাসরি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত তাদের তালিকা করা হয়েছে।

“তালিকা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালিকার ১২০ মাদক ব্যবসায়ীর মধ্যে ২৮ জন নারী।

সবচেয়ে বেশি ২২ জন ম্যাদক ব্যবসায়ী রয়েছেন আকবর শাহ থানা এলাকায়। এরপরই কোতয়ালী এলাকার ১৮ জনের নাম এসেছে তালিকায়।

এছাড়া পাহাড়তলীর ১৪, ইপিজেড এলাকার ১৩, বাকলিয়ার ১১, ডবলমুরিংয়ের ১০, বায়েজিদ বোস্তামীর ৭, চকবাজার, খুলশী, হালিশহর ও সদরঘাটে ৪ জন করে, পাঁচলাইশ, বন্দর ও চান্দগাঁও এলাকায় ৩ জন করে মাদক ব্যবসায়ীর নাম রয়েছে তালিকায়।

এসব থানা এলাকার মধ্যে সবচেয়ে বেশি ১১ জন খুচরা ইয়াবা ব্যবসায়ী রয়েছে আকবর শাহ থানা এলাকায়।

তালিকা অনুযায়ী বাকলিয়া, ডবলমুরিংয়ে ৪, বায়েজীদ, পাহাড়তলীতে ৩, কোতয়ালী, চকবাজার, খুলশীতে ২, সদরঘাট, পাঁচলাইশ, হালিশহরে একজন করে মাদক ব্যবসায়ী শুধু ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত।

তালিকার বাকিরা ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদ বিক্রির সঙ্গে যুক্ত থাকলেও মাঝে মধ্যে ইয়াবাও বিক্রি করে।

এদের মধ্যে কোতোয়ালীর শীর্ষ মাদক ব্যবসায়ী ইদু চুরি-ছিনতাইসহ নানা আপরাধেও জড়িত, যাকে বিভিন্ন সময় অভিযান চালিয়েও পুলিশ ধরতে পারেনি।

গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার বলেন, পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে অভিযানটি নির্ভর করবে স্ব-স্ব এলাকার পুলিশের ওপর।

“নগরীতে এ অভিযান চালানো হবে গোয়েন্দা ও থানা পুলিশের সমন্বয়ে।”

আগে কিছুদিন পর পর অভিযান চালানো হলেও এখন নিয়মিত অভিযানের মাধ্যমে ইয়াবাসহ মাদকের সরবরাহ ব্যবস্থা নষ্ট করে দেয়া হবে, বলেন পুলিশের এই কর্মকর্তা।

মাদক বিক্রেতাদের আশ্রয়দাতারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।