২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ গ্রেপ্তার ৭

রাজধানীতে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 12:08 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

অপহরণ ঠেকাতে মহানগর পুলিশের নবগঠিত অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের সদস্যদের হাতে গ্রেপ্তার এই সাতজনের মধ্যে একজন নারীও রয়েছেন।

সোমবার মধ্যরাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওই স্কোয়াডের প্রধান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ২৮ রাউন্ড গুলি ও ৬ কেজি ২০০ গ্রাম বিষ্ফোরক পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তা ছানোয়ারের দাবি, গ্রেপ্তারদের মধ্যে নিজাম রাজধনীতে এবং কাবিলা নামের একজন সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

তাদের মধ্যে সীমা নামে এক নারীও রয়েছে বলে তিনি জানান।

অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার বলেন, রোববার রাতে বাড্ডার আফতারনগর এলাকা থেকে গ্রেপ্তারদের দেয়া তথ্য অনুযায়ী তাদের ধরা হয়েছে। গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করায় ওই আটজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাজধানীসহ সারা দেশে গুম, অপহরণ ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

সোমবার রাত থেকে পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী প্রতিটি বাহিনীকে অভিযান আরো বাড়াতে বলা হয় বলে ওই সভায় উপস্থিত একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।