না’গঞ্জে ৭ হত্যা: আরেকজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে অ্যাডভোকেট চন্দন সরকার ও কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন জানান, সোমবার ঢাকার গুলশান এলাকা থেকে আব্দুর রহিম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ১৫ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই, তবে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
কয়েকদিনের মধ্যে ভালো খবর দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ফাইল ছবি
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে নগর ভবনের সামনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষ হয়েছে সোমবার।
সিটির ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না জানান, বুধবার সিটি কর্পোরেশনের মাসিক সভায় তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে কাউন্সিলর নজরুল, অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত খুনের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
কর্মবিরতি চলাকালে তিনি আরো বলেন, “তদন্ত সংস্থা নিরপেক্ষভাব তদন্ত করুক। তদন্তে সুফিয়ান কেন, আমার সন্তানও যদি এই ঘটনায় জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।”
“কিন্তু উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অতীতেও সত্য আড়াল করার জন্য বিভ্রান্তি ছড়ানো হয়েছে,” বলেন তিনি।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
