২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করার অপরাধে বেঁধে পিটিয়েছে

বিয়ে করার অপরাধে গাছের সাথে শেকল দিয়ে বেঁধে এক নারীকে পিটিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 08:40 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

সোমবার বিকালে ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটির মুন্সীগঞ্জ জেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম খান বলেন, “গ্রাম্য সালিশে নির্যাতনের কথা শুনেছি তবে এই প্রথম চোখে দেখলাম।”

গত রোববার শ্রীনগর উপজেলার কমারখোলা পাটাভোগ ইউনিয়নের ফইনপুর গ্রামে সাথী আক্তার (২২) এ নির্যাতনের শিকার হন।

রেজাউল করিম জানান, এ ঘটনা জানতে পেরে ব্র্যাকের আইন সহায়তা কর্মী আলো রানী সরকার, ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটির মুন্সীগঞ্জ জেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম খান ও মানব উন্নায়ন সংস্থার সমন্বয়ক সেলিনা আক্তার ফইনপুর গ্রামে যান।

সেখানে তারা সাথীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে সাথীকে মায়ের হাতে তুলে দেন তারা।

রেজাউল আরো বলেন, “সাথীকে যখন গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল তখন স্থানীয় শতাধিক লোক নিশ্চুপভাবে তা দেখছিল, বিষয়টি সত্যি খুব লজ্জার।

“ভাবতে অবাক লাগে আমরা কোথায় আছি!”

ঘটনার শিকার সাথীকে উদ্ধৃত করে রেজাউল জানান, স্থানীয় মহিলা ইউনিয়ন পরিষদের সদস্য নাজমা আক্তারের বোন আন্না আক্তার তাকে মারধর করেছে।

সাথী ও তার মা ফইনপুরে ভাড়া বাসায় বসবাস করত। তাদের বাড়ি মাদারীপুরের জাজিরা থানার কুমারকান্দি গ্রামে।

এলাকাবাসী জানায়, দ্বিতীয় বিয়ে করার অপরাধে স্বামী তোতা মিয়া এবং স্ত্রী সাথী আক্তারকে আন্না আক্তার রোববার সালিশ বিচারের পর আলাদা হয়ে যেতে বলেন।

এতে তারা দুজনই অস্বীকৃতি জানালে আন্না সাথীকে গাছের সাথে শেকল দিয়ে বেঁধে নির্যাতন চালায় এবং তোতা মিয়াকে পাশের একটি ঘরে আটকে রাখে।

তবে শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান ঘটনাটি অবগত নন বলে জানিয়েছেন। এ নিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

তোতার প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।