গাইবান্ধায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৩
গাইবান্ধার কয়েকটি উপজেলায় রোববার বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরমধ্যে সুন্দরগঞ্জে সাতজন, পলাশবাড়ীতে দুইজন, গোবিন্দগঞ্জে দুইজন, সাদুল্লাপুরে একজন ও ফুলছড়িতে একজনকে গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র ও ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, ব্যালট পেপার ছিনতাই ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা আছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গত বছরের ২৮ ফেব্রুয়ারি উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্য হত্যাসহ ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা ও ভাংচুর মামলার আসামি সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও সম্প্রতি উপজেলা পরিষদে পুলিশের উপর হামলা ঘটনায় দুইজনকে গ্রেপ্তারে করার কথা জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।
জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসিরা।
