২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে দুবছর বিকল ৫শ’ টেলিফোন

বেনাপোলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পাঁচশ’ ডিজিটাল টেলিফোন সংযোগ দুই বছর ধরে বিকল রয়েছে। সরকারি-বেসরকারিসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের টেলিফোন সংযোগ বিকল থাকায় ব্যবসা বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

এদিকে সংযোগ বিকল থাকায় টেলিফোল ব্যবহার না করেও প্রতিমাসে বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

বিটিসিএল শার্শা উপজেলা উপসহকারী প্রকৌশলী (ফোনস) আসাদুজ্জামান আসাদ সংযোগ বিকলের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোলে ৭০০ টেলিফোন সংযোগের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক লাইন দুই বছর ধরে বিচ্ছিন্ন রয়েছে।

দুই বছর আগে বেনাপোল স্থলবন্দরের প্রধান সড়কের দুপাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ড্রেন ও ফুটপাত নির্মাণ করে বেনাপোল পৌরসভা। এ কাজে খোঁড়াখুঁড়ির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

দেশের অন্যতম এ স্থলবন্দর বেনাপোলে রয়েছে ব্যাংক, বীমা, কাস্টমস, বিজিবি, সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্ট এজেন্সিসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান।

বেনাপোল সোনালি ব্যাংকের ব্যবস্থাপক দীপদেন্দু দাস বলেন, খোঁড়াখুঁড়িতে তাদের টেলিফোন লাইন বিকল হয়ে পড়ায় টিটি নেয়াসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের বিঘ্ন ঘটছে।

একটি বেসরকারি এজেন্সির মালিক মশিয়ার রহমান বলেন, সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ওপারের সঙ্গে যোগাযোগসহ ঢাকা, যশোর, খুলনা, মংলা, ভোমরা, হিলি ও চট্টগ্রাম বন্দরসহ দেশব্যাপী টেলিযোগাযোগ না করতে পারায় আমদানি-রপ্তাতানি বাণিজ্যে সৃষ্টি হয়েছে নানা প্রতিবন্ধকতা।

দীর্ঘদিন ধরে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় সরকারি-বেসরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান বলেন, তার তিনটি টেলিফোন সংযোগ এক বছর বিচ্ছিন্ন থাকায় ব্যবসাসহ সামাজিক যোগাযোগে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি।

টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন ও বিকল থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।

এ প্রসঙ্গে প্রবীণ ব্যবসায়ী আলী হোসেন টেলিফোন সংযোগ নেয়ার পর তা এক দিনও ব্যবহার করতে পারেননি জানিয়ে বলেন, “অথচ প্রতিমাসে ৯২ টাকা করে অহেতুক বিল পরিশোধ করতে হচ্ছে, যা খুবই যন্ত্রণাদায়ক।”

আরেক গ্রাহক স্থানীয় সাংবাদিক বকুল মাহবুব জানান, তার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকলেও প্রতিমাসে বিল দিতে হচ্ছে।

সংযোগ না থাকার পরও গ্রাহকদের বিল পরিশোধের বিষয়ে জানতে চাইলে বিটিসিএল শার্শা উপজেলা উপসহকারী প্রকৌশলী (ফোনস) আসাদুজ্জামান আসাদ প্রথমে বলেন, কোনো গ্রাহক সংযোগ নেয়ার পর ফোন ব্যবহার না করলেও নূন্যতম বিল ৯২ টাকা প্রতিমাসে দিতে হয়।

কিন্তু সংযোগ বিকল থাকা অবস্থায় গ্রাহকদের কেন বিল পরিশোধ করতে হবে জানতে চাইলে তিনি তখন বলেন, এ ব্যাপারটি জেলা (যশোর) বিটিসিএল অফিস জানে।

বিকল সংযোগ মেরামতের বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী আসাদ দাবি করেন, পৌরসভার খোঁড়াখুঁড়ির কারণে টেলিফোনের তার কাটা গেলে পৌর কর্তৃপক্ষ তা মেরামত করবে এমন চুক্তি রয়েছে।

এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে কয়েকবার মোখিকভাবে লাইন মেরামতের কথা বলা হলেও তারা তা করছে না বলে অভিযোগ করেন তিনি।

বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এমন কোনো চুক্তির কথা অস্বীকার করেন। তবে বিকল সংযোগ মেরামতে বিটিসিএল কর্তৃপক্ষের মৌখিক তাগাদা দেয়ার কথা স্বীকার করেন তিনি।

তিনি বলেন, রাস্তায় ড্রেন ও ফুটপাথ নির্মাণের কাজ এক বছর আগেই শেষ করে বিটিসিএল কর্তৃপক্ষকে তা জানিয়ে দেয়া হয়েছে।

বিটিসিএল কর্তৃপক্ষ বছর ধরেই লাইনগুলো মেরামতে গড়িমসি করছে বলে অভিযোগ করেন পৌর প্রকৌশলী।