২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকার সঙ্গে সুসম্পর্ক দিল্লির স্বার্থেই’

নিজেদের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে ভারতের ‘সুসম্পর্ক’ বজায় রাখতে হবে বলে মন্তব্য এসেছে রাজধানীতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 02:56 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

‘বাংলাদেশের নীতিতে প্রভাব আছে ভারতের’
ভারত-বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা চান আনিসুজ্জামান

দুই দেশের অভিন্ন নদীর ‘পানি’ বণ্টন নিয়ে আলোচনা হলেও ফারাক্কা সমস্যার মীমাংসা না হওয়া পর্যন্ত অনেক সমাধানই খাতায় কলমে থেকে যাবে বলেও মনে করছেন কেউ কেউ।

শনিবার হোটেল লেইক শোরে ‘ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এর আয়োজনে নির্বাচন পরবর্তী বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক এই আলোচনায় দেশি-বিদেশি রাজনৈতিক বিশ্লেষকরা অংশ নেন।

আলোচনায় ভারতে অবস্থানকারী বাংলাদেশিদের নিয়ে বিজিপি নেতা নরেদ্র মোদির মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন বেশিরভাগ আলোচক।

পিকেএসফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান বলেন, “নরেন্দ্র মোদি সম্প্রতি ভারতে অবস্থানকারী বাংলাদেশিদের নিয়ে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য। এ ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্ককে সম্প্রসারিত না করে সঙ্কুচিত করবে।”

গত রোববার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নির্বাচনী সমাবেশে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী মোদি বলেন, তার সরকার ক্ষমতায় এলে তিনি ‘অবৈধ’ বাংলাদেশিদের ভারত থেকে তাড়ানোর ব্যবস্থা করবেন।

Image
কুলদীপ নায়ার

কুলদীপ নায়ার

“আপনারা এটি লিখে রাখতে পারেন। ১৬ মে’র পর এসব বাংলাদেশি ব্যাগট্যাগ গুছিয়ে তৈরি হয়ে থাকলেই ভালো করবে।”

আলোচনায় অংশ নিয়ে ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার বলেন, মোদির ওই বক্তব্য নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। ভোটের রাজনীতির জন্যই ওই কথা বলেছেন তিনি।

লেইক শোরের অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে অংশ নিয়ে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীনা সিক্রি বলেন, “ভারতে এখন নির্বাচনী প্রচারণা চলছে। যেই ক্ষমতার আসুক না কেন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ।

“১৯৯২ সালে যখন খালেজা জিয়া ভারতে এসেছিলেন তখনও ভারতে অবস্থানকারী ‘অবৈধ’ বাংলাদেশিদের প্রসঙ্গটি আলোচিত হয়েছিল। আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে সন্তোষজনক সমাধানে আসা সম্ভব।”

অবশ্য বাংলাদেশ-ভারত সম্পর্ককে সংকীর্ণ দৃষ্টিভঙ্গী থেকে না দেখে বৃহৎ দৃষ্টিভঙ্গী থেকে দেখা দরকার বলে মন্তব্য করেন ভারতের সাবেক মেজর জেনারেল দীপংকর ব্যানার্জি।

তিনি বলেন, “পারস্পরিক সাহায্য-সহযোগিতা ও আলোচনার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা যেতে পারে।”

একই বিষয়ে দৃষ্টিপাত করে সাংবাদিক জগলূল আহমেদ চৌধুরী বলেন, “আসাম, উড়িষ্যার এলাকাগুলোতে কংগ্রেসের সমর্থক বেশি। বিরোধীদের ভোট পেতে সেখানে মোদি বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। স্পর্শকাতরতাকে কাজে লাগিয়ে তিনি লাভবান হতে চাইছেন।”

তবে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও বাংলাদেশিদের নিয়ে ভারতের রাজনীতিবিদ ও দলগুলোর ভাবনাতে আর যাই থাকুক তারা অনেক প্রতিশ্রুতি অতীতে বাস্তবায়ন করেনি, বলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সলিমুল্লাহ খান।

“ভারতে নির্বাচন। নির্বাচনে অনেকে বলছেন নরেন্দ্র মোদি জিতে যাবেন। ভারতের রাজনীতি অনেক জটিল। বিজিপি আগেও ক্ষমতায় এসেছে। অনেক প্রতিশ্রুতিও দিয়েছিল দলটি। তবে তারা অনেক প্রতিশ্রুতিরই বাস্তবায়ন করতে পারেনি বা করেনি।”

সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম ও লং টার্ম এই তিন ভাগে ভাগ করা যেতে পারে। একাত্তরের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রা পেয়েছিল।

“এখন ভারতের সঙ্গে তিস্তা নিয়ে কথা হচ্ছে। ফারাক্কা নিয়ে কথা বলা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। ফারাক্কা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারত বাংলাদেশ-ভারত সম্পর্কের সমাধান হবে না।”

Image
আনিসুল হক

আনিসুল হক

এফবিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের মতে, ভারতে যে সরকারই আসুক বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক রাখতেই হবে। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে অন্যরা ‘কমফোর্টেবল’ থাকতে পারবে না।

নয়া দিল্লিকে ঢাকা যতটা সুবিধা দিয়েছে, ততটা পায়নি বলেও মন্তব্য করেন তিনি। আর এর পেছনে ‘রাজনৈতিক অবিশ্বাসকে’ দুষছেন আনিসুল।

তিনি বলেন, “৪০ বছরে রাজনৈতিক অবিশ্বাসের কারণে বাংলাদেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি আসেনি।”

মোদির উক্তিকে ‘দায়িত্বহীন’ আখ্যা দিয়ে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির আশা প্রকাশ করেন, মোদি ও তার দলের বিরুদ্ধে ভারতের নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

অমীমাংসিত বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি ‘আশাবাদী’।

নয়া দিল্লির সাংবাদিক মহেন্দ্র ভেদ মনে করেন, ভারতের নির্বাচন নিয়ে বাংলাদেশের আগ্রহের বিষয়টি মোদির মন্তব্যের মধ্যে আটকে থাকা উচিত নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আকমল হোসেন মোদির মন্তব্যকে ‘আগ্রাসী’ আখ্যা দেন।

তিনি বলেন, ভারতে কত অবৈধ অভিবাসী আছে সেবিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।

তবে সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস বলেন, ভারতে ক্ষমতায় কোন দল এলো তা বিবেচ্য বিষয় নয়। কারণ, তাদের পররাষ্ট্র নীতি প্রধানত অপরিবর্তিত থাকে।

“আমাদের দরকার নদীর পানি বণ্টন সমস্যার সমাধান এবং সীমান্তে হত্যা বন্ধে ‘জিরো টলারেন্স’।

Image
নাসিম ফেরদৌস

নাসিম ফেরদৌস

গত পাঁচ বছরে দুদেশের মধ্যেকার সম্পর্ক ‘সবচেয়ে’ ভাল ছিল মন্তব্য করে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেন, ভারতীয় আমলারা অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আগ্রহী নয়।

ভারতের কঠোর ভিসা নীতিরও সমালোচনা করেন তিনি।

কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার দিল্লি ব্যুরো প্রধান জয়ন্ত ঘোষাল স্কাইপের মাধ্যমে গোলটেবিলে অংশ নেন।

তিনি বলেন, মোদির বক্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ভোট টানতে তার এই ধরনের মন্তব্যে বাঙালি জাতীয়তাবাদ উসকে দেয়ার চেষ্টা থাকলেও, তিনি প্রধানমন্ত্রী হলে আচরণ ভিন্ন হবে।

দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথা তুলে ধরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, “দুদেশের মধ্যে সম্পর্ককে নতুন দিকে মোড় দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মোদির মন্তব্য ও বুথফেরত জরিপ নিয়ে অনেকের উদ্বেগ তুলে ধরে বলেন, “ভয়ের কারণ আছে। কেউ কেউ বলছেন, এটা বাংলাদেশে মৌলবাদকে উসকে দেবে।”

কূলদীপ নায়ারের মন্তব্য তুলে ধরে তিনি বলেন, এটা উদ্বেগের বিষয় যে উপমহাদেশে ‘উদার শক্তি’ কমে যাচ্ছে।

“আমি মনে করি, এজন্য আমাদের কাজ করতে হবে। এই শক্তি জোরদার করতে আমাদের আরো উচ্চকণ্ঠ হতে হবে। এটাই অন্যতম প্রধান বিষয়।”

পাঁচ বছরে সম্পর্ক ভালো থাকলেও অনেক বিষয় অমীমাংসিত থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “তাই বাংলাদেশে উদ্বেগ ও ধারণা আছে যে, বুথফেরত জরিপ সত্য হলে সম্পর্ক খারাপ হতে পারে।”

এই আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন সাংবাদিক আবেদ খান ও অধ্যাপক আনোয়ার হোসেন।