নোয়াখালীতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার
অপহরণের ২৪ ঘণ্টার মাথায় ছাড়া পেয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের এক ব্যবসায়ী।
শনিবার সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় অপহরণকারীরা তাকে ছেড়ে যায়। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) কার্যালয়ে নিয়ে যায়।
শুক্রবার সকালে আবুল বাশারকে (৪২) বাসার সামনে থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়।
এরপর থেকে বাশারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বাশার মাটি সরবরাহের ব্যবসায় যুক্ত।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের পর বিকাল থেকে প্রয়োজীনয় বিভিন্ন প্রযুক্তি ব্যাবহার করে গোটা জেলাজুড়ে অভিযানে নামে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়।
“সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকার বারইচারতল এলাকার একটি রাস্তার চোখ, মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় অপহরণকারীরা অপহৃত আবুল বাশারকে ফেলে রেখে চলে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
এ ব্যাপারে একটি অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
