২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত সন্দেহে ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার চৌচালা বালুর মাঠ এলাকা থেকে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 06:51 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার গভীর রাত তাদের ধরা হয় বলে বৃহস্পতিবার বিকালে নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- আলাউদ্দিন সাগর (২৬), শহীদুল্লাহ (৫০), মনির (২৯) ও মঞ্জুর (৩৬)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল, তিনটি কিরিচ, একটি চাপাতিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আলাউদ্দিন হকার, শহীদুল্লাহ রিকশাচালক, মনির গাড়িচালক এবং মঞ্জুর অটোরিকশা চালক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্থান থেকে অটোরিকশা ভাড়া করে অস্ত্রের মুখে চালককে ভয় দেখিয়ে তারা গাড়িয়ে ছিনিয়ে নেয়।