২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফ্যানের বাক্সে ১ হাজার ইয়াবা

ঢাকার ঠিকানা লেখা একটি ফ্যানের পার্সেল থেকে  চট্টগ্রামের সাতকানিয়ায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 02:33 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

উপজেলার কেরানীহাটের এসএ পরিবহন কার্যালয় থেকে বুধবার রাতে এসব ইয়াবা জব্দ করা হয়।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বলেন, “একটি ফ্যানের বাক্সে করে বাল্ব পাঠানোর নামে ইয়াবাগুলো ঢাকায় পাঠানো হচ্ছিল।”

থানার এসআই গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় ইয়াবা পাঠানোর খবর পেয়ে কেরানীহাটের এসএ পরিবহন অফিসে অভিযান চালানো হয়।

ফ্যানের বাক্সে সুপার স্টার বাল্বের ২৫টি প্যাকেট ছিল। এর মধ্যে ২৪টিতে বাল্ব থাকলেও একটি প্যাকেটে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বাক্সের রশিদে প্রেরকের ঠিকানায় নাসির নামে এক ব্যক্তির মোবাইল নম্বর (০১৮৩৪৬১৬৮৪৭৮) আর প্রাপকের ঠিকানায় জহির ব্রাদার্স, মতিঝিল, ঢাকা ঠিকানা দিয়ে মোবাইল নম্বর (০১৬৮৩২৬৫৮৫৮) দেয়া ছিল।

প্যাকটটি এসএ পরিবহনের কাকরাইল শাখা থেকে গ্রহণ করার কথা ছিল।

এর আগে গত ৬ এপ্রিল কাজীর দেউড়িতে এসএ পরিবহনের কার্যালয়ে কম্পিউটারের সাউন্ডবক্সের ভেতর থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করে গোয়েন্দা পুলিশ।