২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা

নারায়ণগঞ্জের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম অপহরণ মামলার প্রধান আসামি নূর হোসেনের কার্যালয়ে ভাংচুর করে আগুন দিয়েছে নজরুল সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 02:25 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

খুন করে ইট বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল তাদের

বৃহস্পতিবার নজরুলের দ্বিতীয় জানাজা শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, জানাজার পর কয়েকশ বিক্ষুব্ধ লোক শিমরাইল মোড়ে ট্রাক টার্মিনালের ভেতরে একটি ভবনে নূর হোসেনের কার্যালয়ে হামলা চালায়। আগুনে কার্যালয়টি পুরোপুরি পুড়ে গেছে।

একই সময়ে ওই কার্যালয়ের পাশে একটি যাত্রা প্যান্ডেলেও আগুন দেয় বিক্ষুব্ধরা।

নারায়াণগঞ্জের পুলিশের এডিসি শহিদুল ইসলাম বলেন, “নূর হোসেনের কার্যালয়ের সঙ্গে পাশের একটি যাত্রা প্যান্ডেলেও আগুন দেয়া হয়। কিন্তু এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক এবিএম মোস্তাক জানান, আগুনের খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

নজরুল অপহরণের পরপরই স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।

তার বক্তব্য অনুযায়ী, চলতি বছর সিটি কর্পোরেশনের একটি রাস্তা প্রশস্তকরণ কাজকে কেন্দ্র করে নূর হোসেনের ফুফাতো ভাই মোবারকের সঙ্গে নজরুলের বিরোধ ও বাগবিতণ্ডা হয়।

ওই ঘটনার পর মোবারক সিদ্ধিরগঞ্জ থানায় নজরুলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেয়ার পরপরই নজরুল অপহৃত হন।

সেলিনার দাবি, এই অপহরণকাণ্ডে নূর হোসেনের হাত রয়েছে। নজরুলের পরিবারের করা মামলায় তাদের আসামিও করা হয়েছে।

অপহরণের পর থেকে প্রতিদিনই বিক্ষোভ করে আসছিলেন নজরুলের সমর্থকরা। লাশ পাওয়ার পর মহাসড়ক আটকে বিক্ষোভের সময় তারা নূর হোসেন ও ইয়াসিনের বিরুদ্ধে স্লোগান দেন। ইয়াসিনের মালিকানাধীন একটি পেট্রোল পাম্পে আগুনও দেন তারা।