ইরান থেকে ফিরিয়ে আনা হলো আরো ২২ জনকে
চাকরির কথা বলে ইরানে অবৈধভাবে পাঠানো আরো ২২ জনকে দেশে ফেরত আনা হয়েছে।
একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বুধবার তাদের দেশে আনা হয়। সিআইডি, এপিবিএন, বহিঃগমন বিভাগ ও ইরান পুলিশ এক্ষেত্রে সহায়তা করেছে।
বুধবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলা হয়, তিন দফায় এ পর্যন্ত মোট ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলো।
সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহ আলম বলেন, মাছ ধরার কাজে মোটা অঙ্কের বেতনে নিয়োগ দেয়ার কথা বলে তাদের ইরানে পাঠানো হয়। এজন্য একেক জনের কাছ থেকে চার থেকে পাঁচ লাখ টাকা করে নেয়া হয়।
“কিন্তু বিভিন্ন অবৈধ পথে ইরানে নেয়ার পর তাদের সেখানে আটকে রেখে নতুন করে টাকা দাবি করা হয়।”
দেশীয় দালালদের সঙ্গে ইরানের কিছু ব্যবসায়ী এ কাজ করে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
“তাদের চিহ্নিত করা গেছে। এজন্য সিআইডির একটি দল ঘটনার তদন্তে ইরান যাচ্ছে,” বলেন তিনি।
তিনি বলেন, দেশে এবং দেশের বাইরে এ ধরনের যেসব অপরাধী রয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে ইন্টাপোলের সাহায্য নেয়া হবে।
ইরান থেকে ফেরত আসা আবু সাইদ সাংবাদিকদের বলেন, তাদের সাত থেকে আটশ ডলারের চাকরির প্রলোভন দেখিয়ে ইরানে নেয়া হয়। কিন্তু সেখানে নেয়ার পরপরই একটি ঘরে জিম্মি করে ফেলা হয়। এরপর তাদের দিয়ে গ্রামের বাড়িতে ফোন করিয়ে লাখ লাখ টাকা চাওয়ানো হয়। এ সময় তাদের ওপর নির্যাতনও চলে।
বেসরকারি সংগঠন রাইট যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে ফোন আসে। এরপর আটকে পড়াদের সঙ্গে কথা বলে বিষয়টি তারা পুলিশকে জানায়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
এর আগে গত ১৭ এপ্রিল ১২ জনকে এবং গত বছরের ২২ ডিসেম্বর ২৯ জনকে একইভাবে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়।
