ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে হাই কোর্টে তলব
আদালতের নির্দেশ অনুসারে দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনের অনুলিপি না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেনকে তলব করেছে হাই কোর্ট।
পাশাপাশি তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
বুধবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এ আদেশ দেয়।
ডিসি মোশারফ হোসনকে আগামী ২১ মে সশরীরে আদালতে হাজির থাকতে হবে এবং তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শুনানিতে অংশ নেয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন মো. বাকির উদ্দিন ভূঁইয়া।
