প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাস পায়নি শিক্ষার্থীরা
ছয় মাস পার হলেও দিনাজপুর সরকারি ডিগ্রি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আশ্বাসের চারটি বাস এখনও পায়নি।
তবে শিগগিরই বাসগুলো দিনাজপুরের এ দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
দিনাজপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন ও আনিসুর রহমান জানান, তাদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দিনাজপুরের দুটি সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস দেয়ার ঘোষণা দেন।
কিন্তু ছয় মাসেও সেই ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ।
২০১৩ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর সফরে এসে গোর-এ শহীদ ময়দানে অয়োজিত জনসভায় ভাষণে এ দুই ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুইটি করে চারটি অত্যাধুনিক বাস প্রদানের ঘোষণা দেন।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাস প্রদান করা হবে।
