কাউন্সিলরদের জন্য গানম্যান দাবি
নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরা।
বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামকে দ্রুত উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
তারা সকল সিটি কর্পোরেশনের কাউন্সিলদের গানম্যান অথবা সহজ শর্তে পিস্তল/রিভলভারের লাইসেন্স প্রদান ও নিরাপত্তা দেয়ারও দাবি জানান।
বক্তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছেও আবেদন জানান।
গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান আজমল ভুইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর মো. মাহবুবুর রহমান শিপু, তানভীর আহম্মেদ, আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সুলতান উদ্দিন আহমেদ, মোসলেম উদ্দিন মুসা, এস এম ফারুক আহমেদ, আজহারুল ইসলাম মোল্লা, মো. মাসুদুল হক বিল্লাহ প্রমুখ।
