২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগের বৈধতার রিট খারিজ

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 07:16 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ এই রায় দেয়।

২০১৩ সালের ৩ নভেম্বর ওয়াহিদুরকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়, যা ১২ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে দুই অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম ও সৈয়দ মাহবুবুর রহমানের করা রিট আমলে নিয়ে গত ২০ জানুয়ারি হাই কোর্ট রুল জারি করে, যার চূড়ান্ত শুনানি শেষে খারিজের আদেশ দেয়া হলো।

রিটকারীদের পক্ষে শুনানিতে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে ওয়াহিদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

“সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে এই নিয়োগ দেয়ার বিধান থাকলেও এক্ষেত্রে এলজিইডির সারসংক্ষেপের ভিত্তিতে দেয়া হয়েছে।”

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, রিটকারী দুই অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিট আবেদনে তাদের পদোন্নতি দাবি করেছেন। সেক্ষেত্রে তাদেরকে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে হবে। তারা হাই কোর্টে আসতে পারেন না।

এই যুক্তি গ্রহণ করে খারিজের রায়ে আদালত বলেছে, এটি কোনো জনস্বার্থ রিট নয়। রিটকারীরা তাদের চাকরি সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ তথা প্রশাসনিক ট্রাইব্যুনালে যেতে পারেন, হাই কোর্টে নয়। তাই রিট আবেদনটি অচল।

ওয়াহিদুর রহমানের পক্ষে আদালতে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ ও এএম আমিন উদ্দিন।