২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার, বুধবার হরতাল

নাশকতার মামলায় গাইবান্ধা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 04:17 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

এর প্রতিবাদে শহরে তাৎক্ষণিক মিছিল বের করে এবং বুধবার সদর উপজেলায় অর্ধ দিবস হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে পলাতক আব্দুল করিম মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভায় অংশ নেন। খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী উপজেলা পরিষদ ঘিরে রাখে।

সভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে বের হওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন জানান, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় প্রকাশের পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুর হাটের সব দোকানের আলো নিভিয়ে দিয়ে দোকানপাঠ ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবির।

ওই ঘটনায় দ্রুত বিচার আইনে গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়। আব্দুল করিম ওই মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এছাড়া গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংতা ও নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

গত ১৫ মার্চ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল করিম বেসরকারিভাবে নির্বাচিত হন। তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি পালিয়ে থেকে নির্বাচনে অংশ নেন।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. নজরুল ইসলাম জানান, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিমকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার গাইবান্ধা সদর উপজেলায় অর্ধ দিবস হরতাল ডাকা হয়েছে।