২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 01:22 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইটে এ সড়ক দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে স্কুলের ছাত্ররা।

নিহত মোহাম্মদ ছোটন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। চকরিয়া পৌরসভার জালিয়াপাড়ার আমির হোসেনের ছেলে সে।

পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, বেলা পৌনে ১১টার দিকে স্কুলের গেইটে বালি ভর্তি একটি ট্রাক ছোটনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে স্কুল ছাত্ররা চকরিয়ার চিরিঙ্গা স্টেশনে এসে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ করে রাখে। বেলা পৌন ১২টার দিকে এ বিষয়ে ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।