৬১ মুক্তিযোদ্ধার ‘চট্টগ্রাম ঘোষণা’
স্বাধীনতার ঘোষণা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রত্যাখান করে সেসময়ের প্রকৃত ঘটনা তুলে ধরে ‘চট্টগ্রাম ঘোষণা’ তৈরি করেছেন সেখানকার ৬১ মুক্তিযোদ্ধা।
সোমবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে পাঠানো তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ‘অবাঞ্চিত’, ‘অবৈধ‘ এবং ‘অসত্য’।
গত শনিবার চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে এক বৈঠকে মিলিত হন চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক, যুদ্ধকালীন গেরিলা কমান্ডার-যোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক ও শিল্পীরা।
ওই বৈঠকের পর সোমবার ‘চট্টগ্রাম ঘোষণা‘ গণমাধ্যমে পাঠানো হয়।
শনিবারের বৈঠকে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার জীবন্ত সাক্ষী।
“তাই সেসময় কি ঘটেছিল সেই সত্য জনগণকে জানানোর নৈতিক দায়িত্ব থেকেই চট্টগ্রাম ঘোষণা প্রণয়ন করা হল।”
ঘোষণায় বলা হয়, “তারেক রহমান তার পিতাকে বড় করার জন্য স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করার হীন উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছেন।
“প্রকৃতপক্ষে এ এক অসহনীয় পরিস্থিতি। আমাদের জীবদ্দশায় এবং আমাদের সক্রিয় অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক ঘটনা সম্পর্কে এ ধরণের মিথ্যাচার বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্রকে উপহাসের সামিল।”
ঘোষণায় বলা হয়, “গোয়েবলসীয় প্রপাগান্ডা চালিয়ে হয়তো কিছু সময়ের জন্য কিছু লোককে বোকা বানানো যায়, কিন্তু সঠিক ইতিহাস চেপে রাখা যায় না। যারা এ নিয়ে বিকৃত কথা বলছে তা অর্বাচীনের বক্তব্য। তারেক রহমান মুক্তিযুদ্ধের সময় সত্যিই অবার্চীন ছিলেন।”
তারেক রহমান শুধু জাতির জনককে অবমাননা করেননি একই সঙ্গে তিনি স্বাধীনতা সংগ্রামকেই অস্বীকার করেছেন।
“সংবিধানকে পদদলিত করেছেন। সর্বেপিরি বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করেছেন।“
ঘোষণা স্বাক্ষর করেন ড. অনুপম সেন, মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের জোনাল কমান্ডার মির্জা আবু মনসুর, মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমান, ফাহিম উদ্দিন, মোহাম্মদ হারিছ, নুরুল আলম মন্টু প্রমুখ।
