দগ্ধ অটবি কারখানা পরিদর্শনে বাণিজ্য মন্ত্রী
আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠান অটবির পুড়ে যাওয়া কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় এ কারখানা পরিদর্শনের সময় দেশের আসবাবপত্র নির্মাণ জগতে অটবির ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, বিদেশেও এই কোম্পানির অনেক সুনাম রয়েছে। বিভিন্ন দেশে তাদের উৎপাদিত ফার্নিচার রপ্তানি করা হয়।
ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানাটি পুড়ে যাওয়ায় দেশের অর্থনীতির অনেক ক্ষতি হলো বলেও মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী।
হঠাৎ কারখানাটি পুড়ে যাওয়া দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, "তবে এতবড় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, এটা আমাদের জন্য সৌভাগ্য।"
অগ্নিকাণ্ডে অটবির ২০০ (দুইশ) কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মন্ত্রীকে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু।
আগুনের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার জন্য মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ অটবিরিঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে আগুনে পোড়া কারখানাটি ঘুরিয়ে দেখান। এ সময় স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান, অটবির পরিচালক সোহানা নূর মন্ত্রীর সঙ্গে ছিলেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অটবি লিমিটেডের এ কারখানায় আগুন লাগে। অগ্নিনির্বাপক বাহিনীর ১০টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
