২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণচরে সিপিবি নেতা খুন  

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নোয়াখালী জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও সদর উপজেলা সভাপতি মফিজুর রহমানকে (৬০) জবাই ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 03:13 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সুবর্ণচরের চরজব্বার থানার এসআই আবদুল বাতেন জানান, রোববার মধ্যরাতে উপজেলার আল-আমিন বাজার সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ভূমিহীনদের জন্য চরাঞ্চলের জমি নিয়ে আন্দোলনের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার সহকর্মীরা ধারণা করছেন।

নিহত মফিজুর রহমান হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ফরাজী গ্রামের প্রয়াত রহমত উল্যার ছেলে।

তিনি সপরিবারে জেলা সদরের মাইজদী খন্দকার পাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। রাজনীতির পাশাপাশি মফিজুর প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তা ছিলেন, জানান এসআই বাতেন।

রাতে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার গলা ও দুই হাতের রগ কাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত সিপিবি নেতার স্ত্রী মনোয়ারা জানান, রোববার দুপুরের খাওয়া শেষে নাতিকে নিয়ে পার্কে বেড়াতে যান মফিজ। সেখান থেকে মোটরসাইকেলে নাতিকে খন্দকার নগরে বাসার সামনে নামিয়ে দিয়ে মিটিংয়ের কথা বলে চলে যান।

“রাত ৮টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দুই ঘণ্টার মধ্যে বাসায় ফেরার কথা জানান। পরে রাত ১০টার দিকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।”

জেলা সিপিবির সাধারণ সম্পাদক জাফর উল্যা বাহার বলেন, মফিজুর রহমান চরাঞ্চলের ভূমিহীনদের খাস জমি উদ্ধারের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়া কারো সঙ্গে তার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই।

তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।