এক মামলায় মাহমুদুরের বিচার শুরু
সম্পদের তথ্য জমা না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৮ মে সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নূর আহম্মেদ ২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় মাহমুদুরের বিরুদ্ধে এ মামলা করেন।
ওই বছরের ১৯ এপ্রিল সম্পদের বিবরণ চেয়ে মাহমুদুর রহমানকে নোটিশ পাঠায় দুদক। কিন্তু তিনি তাতে সাড়া না দেয়ায় ওই মামলা হয়।
গত ১৫ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন বাদী ও তদন্ত কর্মকর্তা নূর আহম্মেদ।
শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মাহমুদুর বলেন, “প্রধানমন্ত্রীর ছেলে ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় দুর্নীতির প্রতিবেদন প্রকাশের জের ধরে এ মিথ্যা মামলা করা হয়েছে। সরকার তার নীলনকশা বাস্তবায়নের জন্য এ মামলাসহ আমার বিরুদ্ধে ৭০টি মামলা করেছে।”
