২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গুলিতে ছাত্রের মৃত্যুর পর ফাঁড়িতে হামলা

সিরাজগঞ্জে সংঘর্ষরত দুই মহল্লার যুবকদের দমাতে টহল পুলিশের গুলিতে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার পর উত্তেজিত জনতা হামলা চালিয়ে ভাংচুর করেছে পুলিশ ফাঁড়ি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 11:44 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

রোববার সন্ধ্যায় জেলা শহরের পুঠিয়াবাড়ি মহল্লায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আল কামাল (১৮)।

মালসাপাড়ার চান্দু আলী মোড় এলাকার কাটাওয়াবদা মহল্লাবাসীর সঙ্গে কয়েকদিন ধরে হোসেনপুরের আটাপাড়ার মহল্লার বাসিন্দাদের মারামারি চলছিল।

ওই মারামারির ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় দুটি গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে গিয়ে গুলি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, টহল পুলিশ বিবাদমান এলাকা রেখে পাশের পুঠিয়াবাড়ি আনারস মোড়ে এসে কয়েকজনকে লক্ষ্য করে অর্তকিত গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ হন কামাল, পাষান ও বজলু। এর মধ্যে কামাল ঘটনাস্থলেই মারা যান।

নিহত কামাল পুঠিয়াবাড়ি মহল্লার চায়ের দোকানি মজনু শেখের ছেলে। তিনি স্থানীয় ইসলামিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

রাত ৮টার দিকে শত শত মানুষ একত্রিত হয়ে কামালের লাশ নিয়ে মিছিল বের করে। মিছিলটি শহরের ইলিয়ট ব্রিজের কাছে পৌঁছলে উত্তেজিত জনতা ২ নম্বর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

তারা বিদ্যুৎ কার্যালয়ের একটি পিকআপ ভ্যানও ভাংচুর করে।

তবে হামলায় ফাঁড়ির খুব বেশি ক্ষতি হয়নি বলে জানান সদর থানার ওসি হাবিবুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।”

একই সময়ে মতি সাহেবের ঘাট এলাকায় গ্রামবাসীরা জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং অভিযুক্ত পুলিশের শাস্তি দাবি করেন।

তারা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই পুলিশ গুলি চালিয়ে কামালকে হত্যা করেছে।

কামালের চাচা আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাটাওয়াবদা মহল্লাবাসীর সঙ্গে কয়েকদিন যাবত আটাপাড়াবাসীর সংঘর্ষ চলছিল।

“এ ঘটনার জের ধরে পুলিশ টহল দিতে আসে। অথচ সন্ধ্যায় পুলিশ বিবাদমান এলাকা রেখে পাশ্ববর্তী পুঠিয়াবাড়ি আনারস মোড়ে এসে কয়েকজনকে লক্ষ্য করে অর্তকিত গুলি চালায়।”

আউয়াল জানান, কামালের শরীরের বিভিন্নস্থানে ৩৬টি ছররা গুলির ক্ষত রয়েছে।

এবিষয়ে তখন সেখানে কর্তব্যরত সদর থানার উপ-পরিদর্শক আশফাকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই মহল্লার বিবাদের জের ধরে সন্ধ্যার আগে পাশের এলাকার দুইটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

“খবর পেয়ে ঘটনাস্থলে যাবার পর পাশের পুঠিয়াবাড়ি মোড়ে জটলা দেখে শটগান দিয়ে গুলি করেছি।”