কিশোরগঞ্জে শিশু তন্বীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
দ্বিতীয় শ্রেণির ছাত্রী তন্বী আক্তার (৯) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে শামুকজানী গ্রামে ওই সভায় এলাকার নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
গত ১১ এপ্রিল হাঁস চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের নিহত হয় তন্বী। এ ঘটনায় ১৩ এপ্রিল তার বাবা মো. জামাল মিয়া ২৮ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তাড়াইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মহাজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভুঁঞা কাঞ্চন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান আলী, বিএনপির যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মুকুল, গণতন্ত্রী পার্টির সভাপতি অধীর চন্দ্র ভৌমিক মধু, কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, জেলা যুব সংহতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফুল মিয়া প্রমুখ।
মেয়েকে হত্যার বিবরণ দিয়ে বক্তব্য রাখেন তন্বীর বাবা মো. জামাল মিয়া।
তিনি বলেন, আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি অব্যাহত রাখায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন।
বক্তাদের অভিযোগ, পুলিশ আসামিদের মদদ দেয়ার কারণেই তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীপক্ষকে হুমকি দিয়ে যাচ্ছে।
এদিকে, এ মামলার বিবাদীপক্ষের দায়ের করা ‘মিথ্যা’ মামলায় পুলিশ বাদী ও সাক্ষীদের হয়রানি করছে এবং হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তাড়াইল থানার ওসি মো. আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।
