সিলেট থেকে সিরাজগঞ্জের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে সিরাজগঞ্জের এক কাঠ ব্যবসায়ীর লাশ ্উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ৩টায় উপজেলার রায়গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে আবুল কাশেমের (৪৫) লাশ উদ্ধার করা হয়।
কাশেম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কাঠ ব্যবসায়ী এবং সলিমাবাদ এলাকার মৃত সিকান্দার আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, নিহত কাশেম সিরাজগঞ্জের ঘোসারিয়া এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে জহুরুল ইসলামের কাছে টাকা পেতেন।
গত ২১ এপ্রিল জহুরুল পাওনা টাকা পরিশোধের জন্য আবুল কাশেমকে সিলেটে ডেকে আনেন। এরপর থেকে কাশেমের খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার।
২৩ এপ্রিল জহুরুল মোবাইল ফোনে কাশেমের পরিবাবেরর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
তার সঙ্গে ফোনালাপের সূত্র ধরে সিরাজগঞ্জ থেকে দক্ষিণ সুরমায় আসেন কাশেমের স্বজনরা।
জহুরুলের ভাড়া বাড়ির পেছনের সেফটিক ট্যাংক থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করা হয়।
জহুরুল কাশেমকে খুন করে পালিয়েছে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় সিরাজগঞ্জের চৌহালী থানায় মামলা হয়েছে।
