২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে মার্স ভাইরাসে বাংলাদেশি নারীর মৃত্যু

সৌদি আরবে মার্স (মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

সৌদি সরকারের এক বিবৃতির বরাত দিয়ে রোববার বিবিসি জানিয়েছে, সম্প্রতি দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জনের মধ্যে বাংলাদেশি একজন নারী রয়েছেন।

৪০ বছর বয়সী ওই নারীর পরিচয় জানানো হয়নি।

মৃতদের মধ্যে ২ জন সৌদি আরব এবং ২ জন ফিলিস্তিনের নাগরিক বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে ১৮ মাস আগে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এ পর্যন্ত ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। 

আর নতুন পাঁচ জনসহ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে।  

অভিবাসীদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর ও নিউমোনিয়ার লক্ষণের সঙ্গে কিডনিও বিকল হয়ে যেতে পারে।

সম্প্রতি মিসরে এই মার্স আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া গেছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের রিয়াদে থাকা ২৭ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে মার্স সনাক্তের পর তাকে ফেরত পাঠানো হয়।

কায়রোর একটি হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন করে ভাইরাসটি ছড়িয়ে পড়লে গত সোমবার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আল-রাবিয়াহকে বরখাস্ত করা হয়।

সৌদি আরবে নতুন করে মার্স ছড়িয়ে পড়ায় শুক্রবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র শঙ্কা প্রকাশ করে দ্রুত এটি প্রতিরোধে ব্যবস্থা নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন।