২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই নারী ‘ছিনতাইকারী’ আটক

গাজীপুরে এক মহিলার কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়ার সময় দুই নারীকে আটক করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 03:24 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রোববার সকাল ৭টার দিকে নগরীর শিববাড়ী মোড় থেকে তাদের ধরা হয় বলে জয়দেবপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাজমা (২০) ও নাটোরের রাশিদা (২৫)।

এসআই শহীদুল বলেন, গাজীপুরের ভোগড়া বাসন এলাকা থেকে বলাকা পরিবহনের একটি বাসে করে গাজীপুর শহরে ডায়াবেটিক সেন্টারে যাচ্ছিলেন আমেনা খাতুন (৫৫) ও তার দেবরের ছেলে এমারত হোসেন।

শিববাড়ী মোড়ে বাস থেকে নামার সময় ৫-৬ জন নারী আমেনা খাতুনকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তার গলার স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয় তারা।

এ সময় এমারত দুইজনকে জাপটে ধরে এবং বাসের অন্য যাত্রীদের সহযোগিতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।