মিরপুরে ৬ খুনের মামলায় ৩ জনের ফাঁসি বহাল
মিরপুরে এক বাড়িতে ছয় কাজের লোক খুন হওয়ার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জনের মধ্যে তিন জনের দণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। অন্যজনকে খালাস দেয়া হয়েছে।
আসামিপক্ষের রায় পুনর্বিবেচনার আবেদন এবং মৃত্যুদণ্ডাদেশের অনুমতির আবেদনের শুনানি করে রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এই রায় দেয়।
দণ্ড বহাল থাকা তিনজন হলেন- মাসুম মাতব্বর, জাকির হোসেন বাহার, মো. কামরুজ্জামান ওরফে কামরুল। খালাস পেয়েছেন এমএ আজিম ওরফে মাসুদ।
আজিমের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এবিএম সফিকুল ইসলাম বিপ্লব। অন্য তিনজনের পক্ষে ছিলেন আইনজীবী সাখাওয়াত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
ঘটনার পরদিন বাড়ির মালিক কাজী সিরাজুল হক পল্লবী থানায় একটি মামলা করেন।
এর এক বছর পর বাড়ির মালিকের সাবেক ড্রাইভার মাসুম মাতব্বর গ্রেপ্তার হন। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরো তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের দুইজনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর ভিত্তিতে ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এএইচএম মোস্তাক আহমেদ তাদের চারজনকে মৃত্যুদণ্ড দেন।
আইনজীবী সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় বলা হয়, আসামিরা ডাকাতি করতে আসে। তাদের চিনে ফেলায় তারা বাড়িতে থাকা লোকদের হত্যা করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এবং ঘটনা বিশ্লেষণ করে আসামিদের বিচারিক আদালত দণ্ড দেয়।
“হাই কোর্টে আমরা বলেছি, আজিম নিজে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নাই। সে ছিল বলে ঘটনা থেকেও বুঝা যায় না।”
