২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট

পুলিশের নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন সংগঠনগুলো।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 01:35 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রোববার সকাল থেকে জেলায় বাস, ট্রাক, ট্যাংক-লরিসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকলেও ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি আলী ফরিদ আহম্মেদ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে কয়েক দফা মারধর এবং যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। দুপুরে এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা পৌর বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার ছুঁড়লে এক শ্রমিক নেতাসহ ১০ শ্রমিক আহত হন।

 এ ঘটনার প্রতিবাদে রাতেই সিরাজগঞ্জ বাস ও কোচ মালিক সমিতি, ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি, সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন বৈঠক করে ধর্মঘটের ডাক দেয়।

এদিকে ধর্মঘট চলাকালে পরিবহন শ্রমিকদের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি হাবিবুল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পৌর বাস টার্মিনালের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর শ্রমিকরা  ইটপাটকেল নিক্ষেপ করলে তারা আহত হন।

“পরিস্থিতি নিয়ন্ত্রনে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়া হয়।” 

আহত পুলিশ সদস্যদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বলেন ওসি হাবিবুল।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, শ্রমিকদের পুলিশের মারধরে প্রতিবাদে ধর্মঘট চলছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের জেলা থেকে বদলী না করলে পুরো উত্তরাঞ্চলে ধর্মঘট ডাকার হুমকি দেন তিনি।

সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে পরিবহন সংগঠনগুলোর নেতাদের বৈঠকে বসেন প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, প্রায় ২ ঘণ্টা পর কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। সন্ধ্যায় আবারো বৈঠক হবে।