২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তিতে আক্রান্ত হয়ে পুলিশের অভিযান, একজনের মৃত্যু

রাজধানীর মিরপুরে একটি বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আক্রান্ত হওয়ার পর পুলিশের অভিযানের মধ্যে ডোবায় ডুবে মারা গেছেন এক ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 06:52 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

স্থানীয়রা বলছেন, আবদুল খালেক (৪০) নামে ওই ব্যক্তি পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মারা যান।

তবে পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানের খবর পেয়ে পালাতে গিয়ে ওই ব্যক্তি ডোবায় ঝাঁপিয়ে পড়েন।

পুলিশ সদস্যদের নিয়ে ডেসকোর কর্মকর্তারা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের ৬ নম্বর রোডের ‘ট’ ব্লক সংলগ্ন চলন্তিকা মোড় বস্তিতে অভিযানে যায়।

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ওই অভিযানে যাওয়ার পর বস্তিবাসী ডেসকো কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায় বলে পুলিশ জানায়।

এরপর পুলিশ অভিযান চালিয়ে বস্তিবাসী কয়েকজনকে আটক করে। এর মধ্যেই পানি ডুবে যাওয়া খালেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, খালেক মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বস্তির বাসিন্দা খালেক পুলিশের ধাওয়ায় আতঙ্কিত ডোবায় পড়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আসছে এমন খবর পেয়ে খালেক ডোবায় ঝাঁপিয়ে পড়েন।”

রূপনগর থানার এসআই আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বস্তিবাসীরা হামলা চালালে পুলিশ কনস্টেবল আবদুল লতিফ আহত হন।

কনস্টেবল লতিফকে মিরপুরের ডা. আজমল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় চারটি সেলাই লেগেছে বলে জানান এসআই আজিজ।

পুলিশের ধাওয়ায় কেউ ডোবায় পড়ে মারা গেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “এমন কোনো খবর আমার জানা নেই।”

হামলায় জড়িত থাকার অভিযোগে বস্তিবাসী কয়েকজনকে আটক করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

কতজনকে আটক করা হয়েছে- জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আজিজ বলেন, “কয়েকজনকে থানায় আনা হয়েছে।”

এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে গ্রেপ্তারের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।