২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, হিন্দু বাড়িঘরে লুটপাট

পাবনার ফরিদপুর উপজেলায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে জখম করেছে জনতা। এ ঘটনার জেরে স্থানীয়রা দুই পুলিশকেও পিটিয়ে জখম করে এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে ভাংচুর ও লুটপাট চালায়।   

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 06:20 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

কালিয়ানী গ্রামে শনিবার দুপুরে এ ঘটনায় আহত দুই পুলিশ ও ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় ডেমরা বাজারে হিন্দু সম্প্রদায়ের লোকজন অন্তত একশ দোকান বন্ধ করে রেখেছে।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিএম আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই ব্যবস্থা নেয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে কালিয়ানী গ্রামের ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী (পরিচয় প্রকাশ করা হলো না) সকালে ডেমরা বাজারে কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল।

পথে চায়ের দোকানদার সুকুমার তাম্বলী (৩৫) মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করলে সে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এসে সুকুমারকে পিটুনি দিয়ে ডেমরা ইউপি চেয়ারম্যান মলয় কুন্ডুর কাছে নিয়ে যায়। চেয়ারম্যান বিষয়টি থানায় জানালে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি জানান, সুকুমারকে পুলিশ থানায় আনার সময় উত্তেজিত লোকজন এসআই রেজাউল করিম ও কনস্টেবল সোহেল রানা মারাত্মক আহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ সুকুমারকে নিয়ে চলে আসার পর হাজী জয়েন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় জনতা সুকুমারেরসহ আশপাশের পাঁচটি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।

এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, বলেন ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম।

এ ব্যপারে ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয়কুমার কুন্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক থাকলেও হিন্দু সম্প্রদায়ের অন্তত একশ জন তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। তারা অতংকের মধ্যে রয়েছে।

“তবে আমরা বিষয়টি নিয়ে এলাকার সবার সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

ক্ষতিগ্রস্ত সন্ধ্যা রানী তাম্বলীর ঘরের স্বার্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে অপরাধ করেছে তার শাস্তি হতে পারে, কিন্তু তিনি কী দোষ করেছেন?  

বেলা রানী তাম্বলী বলেন, “আমার মেয়ে সন্তানসম্ভাবা হওয়ায় তার সমস্ত স্বর্ণালংকার এই ঘরে ছিল, সব লুট করে নিয়ে গেছে।”