কক্সবাজারের পুলিশ-ডাকাত গোলাগুলি, আটক ২
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একদল ডাকাতের সঙ্গে গোলাগুলির পর দুজনকে আটক করেছে পুলিশ।
রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জারাইল্যাঝিরি এলাকার ঈদগড়-গর্জনিয়া শাহসুজা সড়কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার জুনাঈদ (২৮) ও রামু উপজেলার গর্জনিয়া উত্তর বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম (৩০)। দুজনের প্রথম জন গুলিবিদ্ধ।
ওসি অপ্পেলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ঈদগড়-গর্জনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়।
“পরে ওই দুই ডাকাতকে আটক করে টহল পুলিশ। গুলিবিদ্ধ জুনাঈদকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এসময় দুজনের কাছ থেকে একটি লাইট গানসহ গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
