২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের মেয়রের হৃদযন্ত্রে রিং লাগানো হয়েছে

ব্লক ধরা পড়ার পর সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর হৃদপিণ্ডে রিং লাগানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার বেলা ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার এই অস্ত্রোপচার হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জু।

বিএনপি নেতা আরিফুল বুকে ব্যথা নিয়ে শুক্রবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।

মেয়রের সঙ্গে থাকা মঈন উদ্দিন বলেন, ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম করে মেয়রের হৃদযন্ত্রে একটি রিং লাগানো হয়।

আরিফুল হকের বর্তমান অবস্থা কী- জানতে চাইলে তিনি বলেন, “উনার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে এখন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। কবে নাগাদ হাসপাতাল ছাড়তে পারবেন, সে বিষয়ে চিকিৎসকরা কিছু বলেননি।”

শুক্রবার রাত ৮টার দিকে সিলেট ডায়াবেটিক হাসপাতালের মাসিক সভা শেষে বাসায় ফেরার পথে গাড়িতেই বুকে ব্যথা অনুভব করেন আরিফুল হক।

এপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেয়া হয়।