২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ‘অপহৃত’ যুবদল নেতার লাশ লক্ষ্মীপুরে

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার দুই দিন পর লক্ষ্মীপুর জেলা যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 11:24 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

সদর উপজেলার দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের সৈয়দপুরের স্লুইসগেট এলাকায় মো. সামছুল ইসলাম সোলায়মানের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  

সামছুল জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী সালমা ইসলামের অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার উত্তরা থানার জয়নাল মার্কেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকধারী ৮/৯ জন লোক অস্ত্রের মুখে সোলায়মানকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

“এরপর উত্তরা র‌্যাব-১ ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে না পেয়ে শুক্রবার দুপুরে উত্তরা থানায় একটি জিডি করা হয়।”

এসআই মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত সোলায়মান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় একাধিক মামলা রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।