সিলেটে ডিআইজি অফিসে আগুন
সিলেটে ডিআইজি অফিসে আগুনে কম্পিউটার ও টেলিফোনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
শুক্রবার বিকালে এ অগ্নিকাণ্ড হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক ফজলুর রহমান।
ফজলুর রহমান জানান, বিকাল ৫টার দিকে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুইয়ার অফিসে আগুন লাগে। তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা দমকল অফিসে খবর দেন।
দমকল কর্মীরা প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ডিআইজি অফিসের কম্পিউটার, ল্যাপটপ, টেলিফোন সেট ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে বলে এই কর্মকর্তা জানান।
ফজলুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
