২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবরের দায়ের কোপে দুজনের মৃত্যু

পারিবারিক কলহের জেরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক ব্যক্তি দুই ভাবিকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 04:05 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার দুপুরে পান্তুমাই গ্রামে নিহতরা হলেন স্থানীয় আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম (৩৮)।

হত্যার অভিযোগে গ্রেপ্তার মকন মিয়া (৪৫) পান্তুমাই গ্রামের প্রয়াত আসকর আলীর ছেলে। নিহতরা মকন মিয়ার চাচাত ভাইয়ের স্ত্রী।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, বেলা ১টার দিকে একটি গাছের চারা লাগানো নিয়ে এ দুই ভাবির সঙ্গে কথা কাটাকাটি হয় মকন মিয়ার।

কথা কাটাকাটির এক পর্যায়ে মকন মিয়া দুই ভাবিকে দা দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং গ্রামবাসীর সহায়তায় মকন মিয়াকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল হাই।