সিরাজগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
অপহরণের আট দিন পর সিরাজগঞ্জ সদরের এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ছনগাছা কবরস্থানের পাশে জিল্লুর রহমানকে পাওয়া যায়। তিনি ছনগাছা ইউনিয়নের আবুল হোসেনের ছেলে এবং ছনগাছা বাজারের ইলেক্ট্রনিক পণ্য সামগ্রীর ব্যবসায়ী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাদাত জানান, ১৭ এপ্রিল বিকাল থেকে নিখোঁজ জিল্লুরকে অপহরণ করা হয়েছে উল্লেখ করে তার বড় ভাই জাহিদুল ইসলাম ২১ এপ্রিল একটি মামলা করেন।
২২ এপ্রিল ভোরে সন্দেহভাজন আসামি সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের জিল্লুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়।
অপহৃত ব্যবসায়ী জিল্লুর রহমান ও আসামি জিল্লুর রহমান পরস্পরের বন্ধু বলে তার ভাই জানান।
এসআই আবু সাদাত আরো জানান, সকালে কবরস্থানের পাশে জিল্লুর রহমানকে অজ্ঞান পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
