২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সংঘর্ষ: দগ্ধ যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঘরে দেয়া আগুনে দগ্ধ এক যুবক মারা গেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2014, 01:13 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু তাহের জানান, সোমবার রাত ১টার দিকে ফরহাদ হোসেন (২৪) নামে ওই যুবককে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সোমবার রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নে লতিফপুর ও দেওপাড়া গ্রামে কয়েক দফা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ  হয়ে রবিউল হাসান শিমুল নামে এক স্কুলছাত্র  নিহত হয়। আহত হন অন্তত ২০ জন।

এসআই আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রগঞ্জের আওয়ামী লীগ সমর্থিত নাছির বাহিনীর সন্ত্রাসীরা দেওপাড়া গ্রামের বিএনপি নেতা তোফায়েল আহমদ ও লতিফপুর গ্রামের আলী করিম মেম্বারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় দগ্ধ হন তোফায়েল আহমদের নাতি ফরহাদ হোসেন।

খবর পেয়ে বিএনপি সমর্থিত জিসান বাহিনীর সন্ত্রাসীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে জিসান বাহিনীর কিছু সদস্য ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী বাবলুর বাড়িতে হামলা চালায়।

এসময় তার ভাগ্নে শিমুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রবিউল হাসান শিমুল পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে দুই বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের দফায় দফায় গোলাগুলি হয়।

পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে রবিউলের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

গুরুতর অবস্থায় নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে মারা যান ফরহাদ হোসেন।

আহতদের মধ্যে ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজী রাজু আহম্মেদ, কাজী মিজান, ফরহাদ হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।