মাটিচাপা দেয়া জীবন্ত নবজাতক উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক নবজাতককে জীবন্ত মাটিচাপা দেয়া অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।
সন্ধ্যায় তাকে আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রানতা গ্রামের আনোয়ার হোসেনের গমক্ষেতে কে বা কারা এ মেয়েটিকে মাটিচাপা দেয়। মেয়েটির মাথা ছাড়া পুরো শরীর মাটির নিচে ছিল।
কয়েকজন দিনমজুর ওই ক্ষেতে কাজ করতে গিয়ে কান্নার শব্দ পান। এরপর তারা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করেন।
ওসি জানান, সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটিকে সমাজসেবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদটি প্রকাশ হলে মাজের বিভিন্ন স্তরের মানুষ শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেন বলে ওসি জানান।
সমাজসেবা বিভাগের আগৈলঝাড়া উপজেলা কর্মকর্তা আবুল কালাম জানান, তাদের হেফাজতে শিশুটি এখন সুস্থ আছে। তাকে বেবি হোমে রাখা হয়েছে।
