শাহ আমানতে আরো ৬০টি সোনার বার উদ্ধার
তিন ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো ৬০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী মো. সোহেলের কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
তার একটি লাগেজের ভিতর চারটি ইস্ত্রির বাক্সে লোহার কাঠামো করে প্রতিটিতে ১৫টি করে সোনার বার রাখা ছিল বলে জানান তিনি।
এসব সোনার বারের ওজন প্রায় সাত কেজি জানিয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক নাহিদ নওশাদ মুকুল বলেন, এর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
ফাইল ছবি
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রীর আসনের নিচ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।
জেদ্দা থেকে চট্টগ্রামে আসা বিমানের ০৩৮ ফ্লাইট থেকে সোনাসহ যাত্রী মো. ইসমাইলকে (৩৫) আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক নাহিদ নওশাদ মুকুল।
তবে আটকের পর পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তরের আগেই শুল্ক গোয়েন্দাদের কক্ষ থেকে ইসমাইল ‘পালিয়েছেন’ বলে সন্ধ্যায় জানান বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম।
