বৈসাবি উৎসবে মেতেছে পাহাড়
নানা আয়োজনের মধ্যে খাগড়াছড়িতে পাহাড়িদের বৈসাবি উৎসবের তৃতীয় দিন পার হয়েছে। উৎসব চলবে চার দিন।
সোমবার বৈসাবির প্রধান আকর্ষণ ছিল মার্মা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসবের জলকেলি বা পানি খেলা।
এছাড়া ছিল বৌদ্ধ বিহারগুলোতে ফুল পূজা, প্রদীপ প্রজ্জ্বালন, শোভাযাত্রা ও বৈশাখি মেলা।
সকালে খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে সাংগ্রাই র্যালি ও পানি খেলার উদ্বোধন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ প্রজ্জলনের পর মারমা উন্নয়ন সংসদ ও মারমা সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে পৃথকভাবে সাংগ্রাই শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মারমা সম্প্রদায়ের লোকজন শোভাযাত্রায় অংশ নেয়।
পরে শহরের মারমা অধ্যুষিত গ্রাম পানখাইয়া পাড়ায় তরুণ-তরুণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উৎসবের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী জলকেলি বা পানি খেলা।
এই খেলায় তরুণ-তরুণীরা একে অপরের দিকে পানি ছুড়ে আনন্দ প্রকাশ করে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই অং মারমা, জেলা প্রশাসক মো. মাসুদ করিম, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যেগে রিজিয়ন মাঠে বৈশাখি মেলাও শুরু হয়েছে।
