২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ফেনীর মুহুরীগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 03:55 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রাক চালকের সহকারী আজিজুর রহমান (৪৩) ও ট্রাকের যাত্রী মোহাম্মদ রিপন (৩০)।

মুহুরীগঞ্জে অবস্থিত মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, মুহুরীগঞ্জ এলাকার ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে জামালপুর থেকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও বাসটি উদ্ধার করছে পুলিশ।

আজিজুর রহমানের বাড়ি বগুড়া এবং মোহাম্মদ রিপনের বাড়ি নাটোর জেলায়।

এ ঘটনায় পুলিশ ছাগলনাইয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।