গাজীপুরে নৈশ কোচে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রী বেশে বাসে উঠে ডাকাতির সময় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ।
কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি আলমগীর সিদ্দিক জানান, রোববার রাত ১টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী ‘রাহুল এন্টারপ্রাইজের’ বাসে ডাকাতির সময় এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার ক্ষুদ্রকুষ্টিয়া এলাকার মো. আনোয়ার হোসেন (১৯) ও শিপন মিয়া (২০), জাজিরা গ্রামের মিরাজুল ইসলাম (১৮) এবং বাঘরা এলাকার রফাত আলী (২০)।
তাদের কাছ থেকে লুণ্ঠিত ১২টি মোবাইল ফোন, নগদ আট হাজার ২৬৩ টাকা, আটটি মানিব্যাগ ছাড়াও তিনটি চাপাতি, একটি পিস্তল, ও আট বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাসের যাত্রীদের বরাত দিয়ে ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নৈশ কোচটি টাঙ্গাইলের মির্জাপুর বাস স্ট্যান্ডে থামে। পরে সেখান থেকে ৭-৮জন যাত্রীবেশী ডাকাত বাসে ওঠে।
“কিছুদুর গিয়েই তারা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট শুরু করে।বাসটি চন্দ্রায় পৌঁছলে যাত্রীরা টহল পুলিশ দেখে চিৎকার শুরু করে।”
পরে কালিয়াকৈর থানা ও কোনাবাড়ি মহাসড়ক পুলিশ বাসটির গতিরোধ করে চার ডাকাতকে আটক করে। এসময় তাদের অন্য সঙ্গীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
কালিয়াকৈর থানার ওসি মো ওমর ফারুক জানান, এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
