২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সাবেক জাসদ নেতা খুন, আ. লীগ নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 11:02 AM

Updated : 19 Sep 2026, 02:19 PM

সোমবার সকাল ৬টার দিকে পোড়াদহ ইউনিয়নের আহমেদপুর বাজারে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা।

নিহত ইসমাইল হোসেন পাঞ্জের (৫৬) এক সময় মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ছিলেন।

আহত শফিকুল ইসলাম (৫০) পোড়াদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, পাঞ্জেরের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গত ২০ মার্চ একটি হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি। এর বাইরেও একাধিকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

নিহতের ছেলে মিটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা ও তাদের আত্মীয় শফিকুল সকালের দিকে ওই বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে পাঞ্জেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রতিপক্ষ দুলালের সঙ্গে পাঞ্জেরের বিরোধ চলছিল। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে।”

হত্যায় জড়িতদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।