ছয় মাস পর মায়ের কোলে শিশু মামুন
পাচারকারী চক্রের হাত থেকে মুক্ত হওয়া শিশু মামুন ছয় মাস পর মা-বাবাকে ফিরে পেয়েছে।
রোববার বিকালে ঢাকার বংশাল থানার মাধ্যমে আশ্রয়দাতা নিজামের কাছ থেকে মামুনকে (৫) নিয়ে যান তার মা-বাবা।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) খোদা নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন ময়মনসিংহ সদরের চরহাসাদিয়া গ্রামের হামিদুল ইসলাম ও রহিমা খাতুনের ছেলে।
ছয় মাস আগে পাচারকারীরা মামুনকে নিয়ে যাওয়ার সময় আশপাশের মানুষ তাকে উদ্ধার করে। পরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলার বেকারি শ্রমিক নিজাম ছেলেটিকে নিজের কাছে রাখেন।
তিনি বলেন, রোববার মামুনকে তার প্রকৃত বাবা-মার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
মামুনের বরাত দিয়ে নিজাম সাংবাদিকদের জানান, বিস্কুটের লোভ দেখিয়ে বাড়ির পাশ থেকে মামুনকে অপহরণ করে শিশু পাচারকারী চক্রের এক মহিলা সদস্য।
কিন্তু মামুনের কান্নাকাটি দেখে আশপাশের লোকজন টের পেলে পাচারকারী মহিলা পালিয়ে যায়। তখন থেকে মামুন সিরাজদিখানে তার সঙ্গে ছিল।
নিজাম বলেন, মামুনকে পাওয়ার পর তিনি (নিজাম) ঢাকার বংশাল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং প্রশাসনের সহায়তা চান।
কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও মামুনের স্বজনদের ঠিকানা না পেয়ে গত ৯ ও ১০ এপ্রিল কয়েকয়টি দৈনিক পত্রিকায় ছবিসহ মামুনের খবরটি ছাপানোর ব্যবস্থা করেন তিনি।
এই সংবাদ ও ছবি দেখে শনিবার ময়মনসিংহ থেকে আসেন মামুনের বাবা, হামিদুল ইসলাম, মা রহিমা খাতুন লিপি ও চাচা সাইফুল ইসলাম।
খুশিতে আত্মহারা মামুনের মা-বাবা
মাকে দেখেই মামুন হাওমাও করে কেঁদে ওঠে এবং মা বলে চিৎকার করে জড়িয়ে ধরে। মা খুশিতে আত্মহারা হয়ে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। বাবা-চাচা নির্বাক হয়ে যান।
তারা কল্পনাও করতে পারেননি ওই অবুঝ শিশুকে আর কোনো দিন ফিরে পাবেন।
বাবা-মার কাছে ফিরিয়ে দিতে পেরে মামুনের ছয় মাসের আশ্রয়দাতা শ্রমজীবী নিজামও খুব খুশি।
