২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাটারি-রিকশা থেকে আদায় ৪০ লাখ টাকা চাঁদা’

ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালানোর দায়ে নারায়ণগঞ্জে দুই কাউন্সিলরের বিরুদ্ধে চারদিনে ৪০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার জেলা নগরীর চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গনে রিকশা চালক ও মালিকদের সমাবেশে এ অভিযোগ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম।

এছাড়াও সমাবেশে নারায়ণগঞ্জ টিইউসির সহ-সভাপতি আবদুল হাই শরীফ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহীন, রিকশাচালক মো. সেলিম, মো. শাহ আলম, মাসুম, জসীম, আনোয়ার হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।

তাদের দাবি সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর নূর হোসেন ও শাহ জালাল আদলের লোকজন গত ৪ দিনে চারশ’ ব্যাটারিচালিত রিকশা আটক করে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা আদায় করেন।

গত ৪ দিন ধরে সিটি কর্পোরেশনের নামে সিদ্ধিরগঞ্জ পুলে (নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে), মুক্তিস্মরণীতে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) স্থানে চেক পোস্ট বসিয়ে হিসেবে এসব রিকশা আটক করা হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম দাবি ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন, তার আপন ভাতিজা ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের লোকজন এসব রিকশা আটক করেন।

বিক্ষোভকারীরা দুজনের নামে অভিযোগ আনলেও রিকশা আটকের চেকপোস্টে নূর হোসেন উপস্থিত ছিলেন না বলেও জানান বক্তারা।

আটক রিকশাগুলো স্থানীয় মুক্তি স্মরণীর কাছে মিনার মসজিদের পাশের খালি জায়গা এবং শিমরাইলে নূর হোসেনের বাড়ির পাশে রাখা হয়।

পরে এর মালিকদের কাছ থেকে রিকশা প্রতি ১০ হাজার টাকা করে আদায় করে তা ছেড়ে দেয়া হয়।

তাদের হিসেবে এতে ৪০ লাখ টাকা চাঁদাবাজি হয়েছে।

সমাবেশ শেষে তারা মিছিল করে নগর ভবনে গিয়ে মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি গ্রহণ করে মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, “ব্যাটারিচালিত রিকশার অনুমোদন না থাকলেও তা আটকের জন্য সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলরকে দায়িত্ব দেয়নি।”

পরে মেয়র আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য প্যানেল মেয়র ওবায়দুল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে।”

অভিযুক্ত কাউন্সিলর নূর হোসেন ও শাহ জালাল বাদলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে ব্যাটারিচালিত রিকশা আটক করে চাঁদাবাজির এই অভিযোগ অস্বীকার করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া।

তিনি বলেন, “ব্যাটারিচালিত রিকশা অবৈধ। এটা অবৈধভাবে সরকারের বিদ্যুৎ ব্যবহার করে।

“এতে যানজটেরও সৃষ্টি হয়। এই কারণে কাউন্সিলর নূর হোসেনের নির্দেশে ব্যাটারিচালিত অটো রিকশা আটক করা হয়েছে।

“পরবর্তীতে নূর হোসেন সমাবেশ ডেকে ব্যাটারিচালিত অটো রিকশা না চলাচলের জন্য ঘোষণা দেবেন।”