রাজশাহী ও চুয়াডাঙ্গায় দুই যুবকের লাশ উদ্ধার
রাজশাহীর রাজপাড়ায় গুলিবিদ্ধ এক যুবকের এবং চুয়াডাঙ্গা সদরে একটি আমবাগান থেকে আরেকজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজপাড়া থানার ওসি খান মোহাম্মাদ এরফান জানান, রোববার ভোররাত ৪টার দিকে সিলিন্দা আঁখ সেন্টার বটতলা এলাকায় লিখন নামের এক যুবকের লাশ পাওয়া যায়।
নিহত লিখন (২২) নগরীর ডাশপুকুর নিমতলা এলাকার কাজেম আলীর ছেলে। তার পেটে দুটি ও বুকে একটি গুলির চিহ্ন রয়েছে।
ওসি এরফান বলেন, এ ঘটনায় লিখনের চাচাতো ভাই সোহাগকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
সোহাগের মটরসাইকেলে রক্তের দাগ পাওয়া গেছে বলে জানান তিনি।
নিহতের বড় ভাই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১০টার দিকে জীবন নামে স্থানীয় একটি ছেলে লিখনের ঘরে যায়। পরে দুজনই একসঙ্গে বের হয়। এর কিছুক্ষণ পরে লিখন একা ফিরে আসে।
পরে রাত সাড়ে ১২টার দিকে লিখন আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এদিকে রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশে একটি আমবাগানের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই খলিলুর রহমান বলেন, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও ফুল হাতা শার্ট রয়েছে।
নিহতের পিঠে ক্ষত চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।
