২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 08:55 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

এ ঘটনায় প্রায় নয় ঘণ্টা ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, রোববার ভোররাত ৩টার দিকে উল্লাপাড়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব, পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

নিহতরা হলেন- নাটোরের হরিশপুরের আলতাফ হোসেন (৩৫) এবং লালমনিরহাটের মজিবুর রহমান (৪০)।

এসআই জলিল জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস একই লাইনে ঢুকে গেলে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।

এসময় যাত্রীরা লাফিয়ে নেমে গেলেও চারজন যাত্রী বগির নিচে আটকা পড়েন। তাদের মধ্যে আলতাফ ও মজিবুর ঘটনাস্থলেই নিহত হন।

বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আরো বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনায় একতা এক্সপ্রেসের তিনটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধার তৎপরতা শুরু করার পর তারা দুজনের মৃতদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়।

সিগন্যালম্যান ও স্টেশন মাস্টারসহ কর্তব্যরতদের দায়িত্বে অবহেলার জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে সকাল ৭টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে বলে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানিয়েছেন।