২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেউ বলতে পারবে না যে রাজাকার ছিলাম: মোশাররফ

মুক্তিযুদ্ধের সময় ‘রাজাকার’ ছিলেন বলে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 12:19 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি রাজাকার ছিলাম, এ কথা পৃথিবীর কেউ বলতে পারবে না। অথচ বিএনপি নেত্রীর ছেলে লন্ডন থেকে এ কথা আবিষ্কার করলেন!”

তিনি বলেন, “বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে মন্তব্য করে ইতিহাস বিকৃতির নজির দেখিয়েছেন তারেক। তার মুখে আরো অনেক অলীক ও মনগড়া উক্তি উচ্চারিত হতে পারে, সেগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।”

৮ মার্চ লন্ডনে বিএনপির এক সভায় বঙ্গবন্ধুকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলে দাবি করেন তারেক। একই বক্তব্যে তিনি বলেন, “ফরিদপুরের রাজাকার পরিবারে শেখ হাসিনা নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন।”

মোশাররফ বলেন, “বিএনপি নেতাদের মুখ থেকে যেসব বক্তব্য আসছে, সেগুলো দেশকে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের ফসল হিসেবে করা হচ্ছে।

“এদের লক্ষ্য দেশে হানাহানি, নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করে আন্দোলনের সুযোগ তৈরি করা।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ওই সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদেরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।”

ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, পুলিশ সুপার জামিল হাসান, সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার এবং ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু।

এছাড়া নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, সালথা উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানও এতে বক্তব্য দেন।