ভারতে পাচারকালে নারী ও শিশুসহ আটক ৩৫
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ৩৫ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার পুটখালি এলাকা দিয়ে তাদের অবৈধভাবে ভারতে পাঠানো হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল বন্দর থানার এসআই আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছে।
তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
এসআই আশরাফুল আরো বলেন, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধপথে একদল লোককে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়।
পুটখালির ইছামতি নদীর কাছের বালুরমাঠ এলাকা থেকে ওই ৩৫ জনকে আটক করলেও দালালদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই আশরাফুল।
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে এসআই জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
